রাজধানীর মিরপুর শাহআলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে মিরপুর মুক্তবাংলা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা হৃদয় মিয়া জানান, তারা থাকেন মিরপুর-১ গোদারাঘাট এলাকায়। পেশায় রাজমিস্ত্রি আল-আমিন। আর তার সহযোগী হৃদয়। তারা সকালে মিরপুর-১, মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসে ছিলেন, কাজে যাওয়ার জন্য। এরপর হৃদয় সেখান থেকে একটু দূরে যায় নিজের কোদাল আনতে। তার দাবি, নিজে কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আল-আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাকে ধরছে না। তখন তিনি হাসপাতালে নিয়ে আসেন।
নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাদের বাড়ি বরগুনা বেতাগী উপজেলার কালকা বাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলে এসে ছেলের লাশ দেখতে পান। এক মেয়ের জনক আল-আমিন। তার স্ত্রী হিরা আট মাসের অন্তঃসত্ত্বা।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে শুনেছি, তারই এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, নিহতের স্বজনরা ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তার সহকর্মী কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আল-আমিন। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
