ঘটা করে সবাইকে জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে আসরের উদ্বোধনী দিনেই তাকে খেলতে দেখা যায়নি। অবশ্য তাতে সমস্যায় পড়তে হয়নি নুরুল হাসান সোহানদের। ১১০ বল হাতে রেখে ৬ উইকেটে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে তারা।
আগে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। স্পিনার টিপু সুলতানের ৪ উইকেট শিকার করেন। দুই উইকেট নিয়েছেন রিপন মন্ডল। একটি করে উইকেট পেয়েছেন শফিকুল, আরিফ ও সাইফ।
গাজী টায়ার্সের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন আশিকুর রহমান শিবলী। মাত্রই যুব বিশ্বকাপ খেলে আসা এই ওপেনার ব্যাট হাতে করেছেন ৮৯ রান। তবে অপরপ্রান্তে যোগ্য কাউকে না পাওয়ায় সেঞ্চুরি পাওয়া হয়নি তার। শিবলী ছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন মোটে দুজন। আরেক ওপেনার ইফতি করেছেন ৩১ রান। জুবারুলের ব্যাট থেকে এসেছে ১০ রান।
১৬৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপাকে পড়েছিল শেখ জামাল। ২ রানে সৈকত আলি ও ২৬ রানে রবিউল ইসলাম রবিকে হারায় তারা। যদিও সেটা কাটিয়ে উঠে দলটি। সাইফ হাসান ৪৫, ইয়াসির আলি চৌধুরী ৪৪, ফজলে মাহমুদ রাব্বি ও নুরুল হাসান ৩১ রান করেন। তাদের রানে ভর করে ৬ উইকেটের জয় তুলে নেয় দলটি।
ম্যাচসেরার পুরস্কার জিতেন শেখ জামালের টিপু সুলতান। ৩০ রান খরচায় তিনি শিকার করেন ৪ উইকেট।
