জকোভিচকে হারিয়ে দিলেন অচেনা নার্দি

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৬:৩৩ পিএম

এটিপি র‍্যাংকিংয়ে অবস্থান ১২৩। নামটাও অচেনা, লুকা নার্দি। টেনিসের শীর্ষ মঞ্চে তাকে দেখা গেছে বলে মনে পড়বে না কারোর। সেই তিনিই বাজিমাত করলেন ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে। কোর্টের এক পাশে থাকা সর্বকালের সেতা টেনিস তারকা ২৪ট গ্র‍্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচকে হারিয়ে দিয়েছেন।

অথচ এই টুর্নামেন্টটা খেলারই কথা ছিল না ২০ বছর বয়সী ইতালিয়ানের। বাছাইপর্বেই যে হেরে গিয়েছিলেন নার্দি। পরে তমাস মার্তিন ইচেভেরি নামের এক খেলোয়াড়ের চোট ভাগ্য খুলে দেয় নার্দির। অন্যের দুর্ভাগ্যে সুযোগ পাওয়া সেই ‘লাকি লুজার’ নার্দি ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দিলেন টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন জকোভিচকে।

জকোভিচকে হারিয়ে দেওয়াটা নিজের কাছেই ‘অলৌকিক’ কীর্তি মনে হচ্ছে নার্দির। যুক্তরাষ্ট্রে সোমবার রাতে হলেও ম্যাচটি হয়েছে বাংলাদেশ সময় আজ সকালে। সেই ম্যাচে অঘটন ঘটানোর পর যেন বিশ্বাস হচ্ছিল না নার্দির, ‘এটা অলৌকিক। আমার বয়স ২০, বিশ্বের ১০০ নম্বর (১২৩) খেলোয়াড়, সেই আমি কি না হারিয়েছি নোভাককে। অবিশ্বাস্য, স্রেফ অবিশ্বাস্য।’

প্রথম সেটটি হেরে গেলেও দ্বিতীয় সেটে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন জকোভিচ। ওই সেটটা জয়ের পথে নার্দির দুটি সার্ভিস ব্রেক করেন সার্বিয়ান তারকা। তবে ছেলেবেলায় যাঁর পোস্টার লাগিয়েছেন নিজের ঘরে, সেই জকোভিচকে ছাড় দেননি নার্দি। তৃতীয় সেটে দারুণ খেলে একটি ব্রেক পয়েন্ট নিয়ে ৪-২ গেমে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরতে হয়নি তাকে। পরের রাউন্ডে নার্দি খেলবেন যুক্তরাষ্ট্রের টমি পলের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত