বিশ্ব ফুটবলে রোনালদো বললেই চোখের সামনে ভেসে পর্তুগিজ তারকার ছবি। কিন্তু তারও আগে এই নামে এক মহাতারকা ছিলেন। রোনালদো নাজারিও ডি লিমা নামের এই ব্রাজিলিয়ান মহাতারকাকে বলা হয় আসল রোনালদো। সেলেসাওদের দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। দীর্ঘদিন ছিলেন গ্রেটেস্ট শো অন আর্থের সর্বোচ্চ গোল শিকারি।
ব্রাজিলের ও রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা প্রায় ১৪ বছর আগে মাঠ থেকে বিদায় নিয়েছেন। তবে ৪৭ বছর বয়সে ফের মাঠে নেমে পড়েছেন তিনি। যুক্তরাজ্যের এসেক্সের হ্যারল্ড হিল ফুটবল ক্লাবের কর্দমাক্ত মাঠে খেলতে নেমেছিলেন তিনি।
এই মাঠ মূলত অলিম্পিয়ান ফুটবল লিগ বিভাগ ওয়ানের দল প্রোকিট এসেক্সের হোম গ্রাউন্ড। তবে রোনালদো খেলতে নেমেছিলেন বিশেষ দিনে। সাবেক খেলোয়াড়, অভিনেতাসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে একটি বেটিং প্রতিষ্ঠান এই আয়োজন করে। প্রতিবছরের কোনো এক রবিবার এটি আয়োজন করা হয়, তাই এর নাম সানডে লিগ। দিনটাকে উপভোগ করতে আয়োজন করা হয় ফুটবল ম্যাচেরও। সেরকমই একটি ম্যাচে সুপার সাব হয়ে খেলতে নেমেছিলেন রোনালদো।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম্বার নাইন পরে কথা বলেছেন ডেইলি মেইল স্পোর্টসের সঙ্গে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সানডে লিগ, কাকতালীয়ভাবে রোনালদোর বয়সও এখন ৪৭।
রোনালদো বিশ্বাস করেন যে জুড বেলিংহামের দক্ষতা ও পরিপক্কতা আরও বাড়াতে হবে, 'জুড বেলিংহাম যেভাবে খেলে তা আমি পছন্দ করি। মাদ্রিদে সে যেভাবে খেলছে, প্রায় প্রতি ম্যাচেই গোল করছে, আমি তার খেলা দেখতে পছন্দ করি। আমি বার্নাব্যু স্টেডিয়ামে কয়েকটা ম্যাচ দেখছিলাম এবং বেলিংহ্যামকে খুঁজছিলাম। তার খেলার স্টাইল আমাকে অনেক অবাক করেছিল। যে গতিতে সে মাঠে ঢুকে পড়ে, দেখেই বুঝা যায় সে সব সময় গোল করতে চায়। সে তার দক্ষতা দিয়ে আমাকে জিনেদিন জিদানের কথা মনে করিয়ে দেয়।’
বেলিংহ্যামই একমাত্র খেলোয়াড় নন যিনি রোনালদোকে মুগ্ধ করেছেন। আরেক স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা ফরোয়ার্ড বলছেন, রিয়াল মাদ্রিদে যোগ দিলেই শেষ পর্যন্ত ব্যালন ডি'অর জিতবেন ফরাসি তারকা।
তিনি বলেন, 'আমি জানি না কোনটা সত্যি, কিন্তু মানুষ পিএসজিতে তার অবস্থা নিয়ে কথা বলছে। নিশ্চিতভাবেই, মাদ্রিদে তার প্রতিটি সিদ্ধান্তে একটি দল তাকে সমর্থন করবে। মাঠে মাঠের বাইরেও তাকে সমর্থন করার জন্য একটি দল থাকবে তার। তারাই তাকে রক্ষা করবে। কিন্তু আমি মনে করি, পিএসজিতে সে খুব ভালো সময় কাটিয়েছে।'
রোনালদো যোগ করেছেন, 'অবশ্যই তাকে ধরে রাখতে পিএসজি বড় চেষ্টা করেছে। পিএসজির বড় তারকা ছিলেন তিনি। তবে আমরা দেখব রিয়াল মাদ্রিদে এমবাপ্পের সঙ্গে কী হয়। একটা বিষয় নিশ্চিত, আগামী বছরগুলোতে আমরা এমবাপ্পেকে আরও বেশি উপভোগ করব।'
রোনালদো আর্লিং হালান্ডেরও প্রশংসা করেছেন, 'রিয়াল মাদ্রিদের নীতি হলো বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে রাখা। হালান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সবাই হালান্ডকে পেতে চায়। সে অবিশ্বাস্য এক ক্লাবে আছে।’
সিটির কাজ দারুণ উল্লেখ করে বলেন, 'সিটি দারুণ কাজ করছে, আমি মনে করি এই মুহূর্তে সে সেখানে খুব সুখে আছে। তবে আমরা দেখব। আশা করি, সব খেলোয়াড়কে আমরা এক ক্লাবে একসঙ্গে দেখতে পাব। এটা আমাকে গ্যালাক্টিকোদের কথা মনে করিয়ে দেবে যদি তারা সবাই (হালান্ড, এমবাপ্পে ও বেলিংহ্যাম) শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যায়। যদি এটা ঘটে (সবাই রিয়াল মাদ্রিদে নাম লেখায়) তাহলে সেটা হবে পাগলামি। রিয়াল মাদ্রিদকে একসঙ্গে সব খেলোয়াড়দের সঙ্গে খেলতে দেখা। এটি একটি অবিশ্বাস্য দল হবে যারা অসাধারণ কিছু অর্জন করবে।'
