মেট্রোরেলে ফায়ার এক্সটিংগুইশার কোথায় জানেন?

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:০৮ পিএম

সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় বদলে গেছে ঢাকাবাসীর জীবনচিত্র। সকাল ৯টায় অফিসে পৌঁছানোর জন্য কিংবা সকাল ৮ টার ক্লাসে হাজিরা দওয়ার জন্য এখন আর ভোর ছয়টায় দৌড়াতে হয় না। শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষ এখন স্বস্তিতে ভ্রমণ করেন মেট্রোতে। সবার মধ্যে তাড়া আছে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা বা বিরক্তি নেই। 

মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে। 
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে স্বতন্ত্র বিশেষায়িত এমআরটি পুলিশের কার্যক্রম রয়েছে। কন্ট্রোলরুম থেকে সব সময় ট্রেনের ভেতরের পরিস্থিতি দেখা যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র বলছে, বিশেষ প্রয়োজনে ট্রেনের ভেতর থেকে যাত্রীরা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। ট্রেনের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। আপৎকালে মেট্রোরেলের ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য জরুরি বহির্গমন দরজা রাখা হয়েছে। মেট্রোস্টেশন, রুট অ্যালাইমেন্ট ও মেট্রো ট্রেনে অনাকাঙ্ক্ষিত আগুন লাগলে সেটাও স্বয়ংক্রিয়ভাবে নেভানোর জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। রয়েছে মেট্রোরেলের ভেতরেও ফায়ার এক্সটিংগুইশার। 

মেট্রোরেলে দেখা যায়, প্রতিটি বগির ভেতরে সামনে ও পেছনের হাতের ডান পাশে ফায়ার এক্সটিংগুইশারের স্টিকার লাগানো আছে। স্টিকারে অ্যারো দিয়ে দেখানো হয়েছে ডান পাশের সিটের নিচে রাখা হয়েছে ফায়ার এক্সটিংশুইশার। আপৎকালে মেট্রোর যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন।

মেট্রোরেলে যাত্রীর সংখ্যা বেড়েই চলছে। যারা প্রতিদিন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত কাজে বাইরে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা পথে বসে থাকতে বাধ্য হতেন তারা সবাই স্বস্তির নিশ্বাস নিচ্ছেন। তারা একটু ওরা পথে হলেও মেট্রোতেই যাতায়াত করছেন। 

২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন। প্রথম ধাপে সপ্তাহে ছয় দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়।

দ্বিতীয় ধাপে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পুরোদমে চালু হয় ঢাকা মেট্রোরেল। এদিন চলাচলের সময়সূচি অপরিবর্তিত রেখে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবক’টি স্টেশনে মেট্রো ট্রেন থামতে শুরু করে। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন রয়েছে।

তৃতীয় ধাপে গত ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন এ সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত