ম্যাচ ফি বাড়তে পারে ক্রিকেটারদের

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম

ভারতীয় ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে আগ্রহী করে ‍তুলতে প্রণোদনার ঘোষণা দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এবার বাংলাদেশি ক্রিকেটারদেরও জাতীয় দলের প্রতি আগ্রহী করতে ম্যাচ ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে আগের চেয়ে ম্যাচ ফি বাড়ার সম্ভাবনা আছে নাজমুল হোসেন শান্তদের।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। সেটা বিসিবির বোর্ড সভায় তোলা হবে। বোর্ড অনুমোদন দিলেই সেটা চূড়ান্ত হবে।’ তবে কোন সংস্করণে কত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা জানাননি টাইগারদের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক নাফিস।

যদিও দেশের আরেকটি অনলাইন গণমাধ্যম তাদের এক প্রতিবেদনে দাবি করেছে সর্বোচ্চ ২ লাখ টাকা ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছৈ ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে। ১ লাখ টাকা বাড়ছে ওয়ানডেতে আর সবচেয়ে কম ৫০ হাজার টাকা বাড়ছে টি-টোয়েন্টি সংস্করণে।

টেস্টের ম্যাচ ফি ৬ লাখ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮ লাখ টাকা, ওয়ানডের ৩ লাখ টাকা থেকে বেড়ে হবে ৪ লাখ টাকা আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা থেকে বেড়ে হতে চলেছে আড়াই লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত