বিষয়টি এখন আর গুঞ্জন নয়। বাংলাদেশ যেমন চাইছেন, চাইছেন হামজা চৌধুরীও। যুক্তরাষ্ট্র প্রবাসী এই তারকা ফুটবলার খেলতে চান বাংলাদেশের জার্সিতে। এটা পুরনো খবর। বাফুফেও চেষ্টা চালাচ্ছে তার ইচ্ছে পূরণের। তবে বিষয়টি কেবল বাফুফের হাতে নেই, সেটা পরিস্কার করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ইংলিশ প্রিমিয়ার লিগে তারকা হামজাকে বাংলাদেশের হয়ে খেলাতে না চাওয়ার কোনো কারণই দেখছেন না সালাউদ্দিন। তবে সেক্ষেত্রে অনেকগুলো শর্ত পূরণ করার কথা বলেছেন তিনি। বলেন, ‘হামজা একটা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। পুরো বিষয়টাই ক্লাব ও হামজার ব্যাপার। আমাদের অফিস যোগাযোগ করেছে। ও খেলতে চাইলেই তো হবে না। ও খেলতে চাইলে ওর ক্লাবের অনুমতি লাগবে। তারপর চাহিদাগুলোর বিষয়ও আসবে। এখানে আসলে অনেক কিছুই জড়িত। ও খেলতে চাইলে আমরা তাকে সেধে দলে নিবো। তবে শুধু চাইলেই তো হবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় হামজাকে নিয়ে অনেক বানোয়াট খবর প্রকাশিত হয়। মিথ্যে খবরে দাবি করা হয়, সালাউদ্দিন নাকী বলেছেন বাংলাদেশের হয়ে খেলতে হলে হামজাকে প্রমাণ দিয়ে আসতে হবে। এ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে সালাউদ্দিন হেসে বলেন, 'আমাকে দেখে কী আপনার পাগল মনে হয়? আমি তো নিজে ফুটবল খেলে আসছি। হামজার বাংলাদেশে খেলতে হলে ওকে প্রমাণ করতে হবে, এই কথাটা যদি কেউ বলে, সে তো একটা বড়সড় পাগল।’
