হ্যাডলির হাত হ্যাডলি পদক নিলেন রাচিন রবীন্দ্র

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম

ব্যাট হাতে অসাধারণ এক মৌসুম কাটানো রাচিন রবীন্দ্রের প্রাপ্তির মুকুটে যোগ হলো আরেকটি পালক। নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জিতলেন তিনি। দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন ২৪ বছর বয়সী রাচিন। 

গত ওয়ানডে বিশ্বকাপ দিয়ে নজর কাড়েন রাচিন। ভারতে অনুষ্ঠিত আসরে ৬৪ গড়ে ৫৭৮ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের সেমি-ফাইনালে ওঠার পথে তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেন রাভিন্দ্রা।
এরপর টেস্ট দলে সুযোগ পেয়েও জ্বলে ওঠেন তিনি। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে এই সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি, খেলেন ২১৪ রানের ইনিংস।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেইন উইলিয়ামসন। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার স্বীকৃতি ‘রেডপাথ কাপও’ জিতে নেন তারকা এই ব্যাটসম্যান। মৌসুমে ৬ টেস্টে ৫৬.২৭ গড়ে ৬১৯ রান করেন তিনি, চার সেঞ্চুরির সঙ্গে ফিফটি একটি।
দুইটি করে সেঞ্চুরি ও ফিফটিতে মৌসুমে ৫৫২ রান করা ড্যারিল মিচেল জিতেছেন পুরুষ ওয়ানডের বর্ষসেরার পুরস্কার। আর পুরুষ টি-টোয়েন্টির বছর সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল স্যান্টনার। বাঁহাতি স্পিনে মৌসুম শেষ করেন তিনি ১১ উইকেট নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত