স্যান্ডউইচে এমবাপ্পের নাম, লিগাল নোটিশ ফরাসি তারকার

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:২৫ পিএম

ফরাসি ফুটবলে মার্শেইভিত্তিক ইনফ্লুয়েন্সার ও রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ হেনি। ১৮ লাখ অনুসারী নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কর্মকাণ্ডের পাশাপাশি এবার তিনি আইনি ব্যবস্থার সম্মুখীন হয়েছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দ্বারা।

ক্লাব কাবাব’ নামে একটি স্যান্ডউইচে হেনি ব্যবহার করেন এমবাপ্পের নাম। স্যান্ডউইচের ধরনের বর্ণনা দিতে গিয়ে হেনি লেখেন, ‘এটা বেকারির গোলাকার রুটি, একদম এমবাপ্পের মাথার খুলির মতোই গোলাকার।’ তাতেই চটেছেন এমবাপ্পে। নিয়েছেন আইনি ব্যবস্থা।

এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো ধরনের সম্মতি ছাড়াই হেনি বাণিজ্যিক উদ্দেশ্যে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন। হেনিকে আদালতে নেওয়ার আগে আগামী আট দিনের মধ্যে তার খাদ্যতালিকা (স্যান্ডউইচ) থেকে এমবাপ্পের নাম সরাতে হবে।

শুধু এমবাপ্পেই নন, ফ্রান্সের আরেক ফুটবলার দিমিত্রি পায়েতের নামও হেনি তার আরেকটি স্যান্ডউইচের বর্ণনায় ব্যবহার করেছেন। সেটার বর্ণনায় তিনি লিখেছেন, ‘এই ক্রিপ (এক ধরনের কেক) পায়েতের মতোই ভরপুর।’

এমবাপ্পের এই পদক্ষেপে অবাক হয়েছেন হেনি। ইনস্টাগ্রামে তিনি পিএসজি তারকার উদ্দেশে বলেছেন, ‘তোমার কি লজ্জা হয় না? তোমার কি আর কিছু করার নেই? এত নিরর্থক ব্যাপার নিয়েও আমার বিরুদ্ধে মামলা? এটা অবিশ্বাস্য। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত