রাতে নিখোঁজ ব্যবসায়ী, সকালে মিলল লাশ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:৫৬ পিএম

নিখোঁজের একদিন পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামের ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশানসংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আউয়াল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল বুধবার আব্দুল আউয়াল বাড়িতে ইফতার শেষে দোকানের উদ্দেশে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজ করেন। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশানসংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধানক্ষেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এঘটনায় কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত