রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম

রাজশাহীর পুঠিয়ায় পণ্যবাহী ট্রাক, সিএনজি ও অটোরিক্সার গতিরোধ করে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) র‌্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন -পুঠিয়া উপজেলার কুটিপাড়ার মৃত ওয়াইজ উদ্দিনের ছেলে শফিউল্লাহ (৫০), নামাজগ্রাম গ্রামের মৃত মহসিন আলী বাচ্চুর ছেলে জাহিদ হাসান (৩৬) ও চারঘাট উপজেলার তাতারপুর এলাকার আব্দুর রাহেদের ছেলে বাবু মন্ডল (৩৯)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গতকাল রবিবার দুপুর ১টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মুঠোফোনে জানায়, কয়েকজন লোক চাঁদার দাবিতে তার পণ্যবাহী মিনি-ট্রাকসহ ড্রাইভারকে বানেশ্বর বাজারে মেসার্স রমজান এন্টারপ্রাইজ দোকানের সামনে আটকে রেখেছে এবং ড্রাইভারকে মারধর করছে। খবর পেয়ে র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে গিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় ভুক্তভোগী ড্রাইভারসহ পণ্যবাহী মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পণ্যবাহী গাড়ি-ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় এবং চাঁদা না দিলে ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাংচুর ও মারধর করে চাঁদা আদায় করার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় চাঁদাবাজির একটি মামলা হয়েছে বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত