অবন্তিকার 'আত্মহত্যা': বিচারের দাবিতে আজও উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৮:৪২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার নেপথ্যে জড়িতদের বিচারের দাবিতে শোক র‍্যালি ও মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে অবন্তিকার আত্মহননের পেছনে প্রকৃত অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় আইন বিভাগের ব্যানারে শোক র‍্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশ নেন। এতে আইন বিভাগের শিক্ষকসহ অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফাইরুজ সাদাফ অবন্তিকা বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মতো একজন ফাইটারের এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। এর পেছনে যারা রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলী আক্কাস বলেন, অবন্তিকার মৃত্যুর পেছনে কারা জড়িত তা যথাযথ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা বিভাগের পক্ষ থেকে শোক র‍্যালি করেছি। দেশে আইনশৃঙ্খলা বাহিনী যেনো সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করে এটাই আমাদের আজকের মানববন্ধনের মূল দাবি।

এদিকে গতকাল রবিবার রাতে অভিযুক্তদের শাস্তির দাবি করে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ছয় দফা দাবি আদায়ে নতুন করে সাত দিনের আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। একই সময়ে বামপন্থীরা গলায় রশি বেঁধে ও মুখে টেপ মেরে প্রতীকী আন্দোলন করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত