৩ আইনজীবীর  জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০১:৪৯ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার মামলার আসামি ওই নির্বাচনে সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথীসহ তিন আইনজীবীর আগাম জামিনের আবেদন শুনতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট। গতকাল সোমবার সকালে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে তার আইনজীবীরা আবেদনটি দাখিল করেন। বেঞ্চের কনিষ্ঠ বিচারক দুপুর ২টার পর বিব্রতবোধের কথা জানিয়ে শুনানিতে অপারগতা প্রকাশ করে। সংশ্লিষ্ট আইনজীবী বলেন, নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান  বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। অ্যাডভোকেট যূথীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আব্দুর রাফেল। 

অ্যাডভোকেট আওসাফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আবেদনটি দাখিল করেছিলাম। আদালত এটি গ্রহণ করে। দুপুরের পর জানতে পারি বেঞ্চের কনিষ্ঠ বিচারক বিব্রতবোধ করেছেন। কিন্তু কী কারণ সেটি উল্লেখ করেননি। এখন প্রধান বিচারপতি এ বিষয়ে নতুন একটি বেঞ্চে নির্ধারণ করবেন।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী রাফেল বলেন, ‘সকালে আবেদনটি তারা দাখিল করেছিলেন। আদালত তখন শুনবেন কি না সে বিষয়ে দুপুর ২টায় সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেন। এরপরই বিচারক বিব্রতবোধের কথা জানান।’ 

গত ৬ ও ৭ মার্চ দুদিন সুপ্রিম কোর্ট বারের ২০২৪-২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি নির্বাচনে ভোট হয়। বৃহস্পতিবার রাত পার হয়ে মধ্যরাতে ভোট গণনার সময় নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি, হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে নির্বাচন পরিচালনাকারীদের ওপর হামলার চেষ্টা করে ও আইনজীবীদের মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক আবুল খায়ের ভোট গণনা ছাড়াই সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যূথীকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে পুলিশ পাহারায়  ভোটকেন্দ্র ত্যাগ করেন। শনিবার রাত ১টার দিকে ঘোষিত ফলাফলে সভাপতি হিসেবে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। মারধরের ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফ উদ্দিন আহমেদ সিদ্দিকী সাইফ শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় যূথীসহ ২০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত