অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিষিদ্ধ হয়েছেন লঙ্কান লেগ স্পিনার। আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার লেগ স্পিন অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন। শ্রীলঙ্কার ফিল্ডিং ইনিংসের ৩৭তম ওভারশেষে এ ঘটনা ঘটে। আম্পায়ারের কাছ থেকে ক্যাপ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অখেলোয়াড়সুলভ মন্তব্য করেন তিনি।
যে কারণে তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৪ মাস বা দুই বছরের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোন ক্রিকেটার ২ বছরের মধ্যে আটটি ডি মেরেট পয়েন্ট পেলে ৭.৬ ধারায় সেটি ৪টি নিষেধাজ্ঞা পয়েন্ট হিসেবে গণ্য হবে। যার অর্থ ওই ক্রিকেটারকে দুটি টেস্ট বা চারটি করে ওয়ানডে বা টি-২০ ম্যাচে নিষিদ্ধ হতে হবে।
এর আগে আফগানদের সঙ্গে সিরিজে শাস্তি পাওয়ার বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি হাসারাঙ্গা।
