কারখানা স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ডংফ্যাং নিটিং কোম্পানি।
দেশে রপ্তানিমুখী মোজা তৈরির কারখানা স্থাপন করবে চীনা মালিকানার প্রতিষ্ঠান ডংফ্যাং নিটিং কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এই কারখানা স্থাপন করা হবে।
কারখানা স্থাপনের জন্য ২ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩০৫ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে) বিনিয়োগ করবে ডংফ্যাং নিটিং কোম্পানি। এ কারখানায় বছরে ২১ কোটি ৬০ লাখ জোড়া মোজা তৈরি হবে। কর্মসংস্থান হবে ৫ হাজার ১৯২ বাংলাদেশি নাগরিকের।
এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ডংফ্যাং নিটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফ্যাং ঝ্যাংডং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
