পাপুয়া নিউ গিনিতে বন্যা-ভূমিধস, নিহত ২৩

  • চিম্বু প্রদেশে পার্বত্য অঞ্চলে তিনটি পৃথক ভূমিধসে ২৩ জন কাঁদামাটির নিচে চাপা পড়েছেন
  • প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং কৃষি জমি প্লাবিত হয়ে পড়েছে
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০১:৩৯ পিএম

ওশেনিয়ার দেশ পাপুয়া নিউ গিনিতে পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং কৃষি জমি প্লাবিত হয়ে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।

চিম্বু প্রদেশের পার্বত্য অঞ্চলে তিনটি পৃথক ভূমিধসের ঘটনায় ২৩ জন কাঁদামাটির নিচে চাপা পড়েছেন বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণার ভারপ্রাপ্ত পরিচালক লুসেট ম্যান। খবর আল জাজিরা।

তিনি জানান, সেখানে এখনও ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া ভূমিধস এবং বিভিন্ন নদী প্লাবিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

এছাড়া চিম্বু প্রদেশের দক্ষিণে উপসাগরীয় এলাকায় আকস্মিক বন্যার ফলে উপকূলীয় জনগোষ্ঠীও প্লাবিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভারী বৃষ্টির কারণে এনগা প্রদেশেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়াপেনামান্ডা সম্প্রদায়ের নেতা অ্যাকুইলা কুঞ্জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু নদী প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সারাদিনে একবার খাবার খেতে পাচ্ছি। আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই।

২০২২ সালের বিশ্ব ঝুঁকি বিষয়ক সূচক অনুসারে, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১৬তম দেশ হিসাবে স্থান পেয়েছে পাপুয়া নিউ গিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত