কেন সিনেমা রেখে বিরতিতে যাচ্ছেন রণবীর? 

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:১০ পিএম

ছয় বছর প্রেমের পর বিয়ে, এরপর দাম্পত্য জীবনেরও পাঁচ পার করে দিলেন রণবীর সিং-দীপিকা। নিজেদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত দম্পতি। মা হতে যাচ্ছেন দীপিকা। সেপ্টেম্বরই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। যদিও দীপিকা কি অন্তঃসত্ত্বা না কি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন, সেই নিয়ে জল্পনা রয়েছে বলিপাড়ায়। কিন্তু এর মাঝেই হঠাৎ সব কাজ ছেড়ে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন রণবীর সিং!

এই মুহূর্তে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব রয়েছে রণবীরের হাতে। যেমন ‘ডন ৩’ থেকে ‘শক্তিমান’ ও ‘বৈজু বাওরা’ সিনেমাগুলো রয়েছে রণবীরের ঝুলিতে। এক একটা সিনেমার জন্য এক এক রকমের প্রস্তুতির প্রয়োজন রয়েছে তার। কিন্তু তার আগেই সন্তানের জন্য বিরতি নিতে চাইছেন অভিনেতা।

গত কয়েক মাস ধরেই নিজের হাতের কাজ হালকা করছেন দীপিকা। নতুন কোনও সিনেমার প্রস্তাব গ্রহণ করছেন না। সেপ্টেম্বরে নতুন অতিথি আসার পর একটা লম্বা বিরতি নেবেন অভিনেত্রী। সেই অনুযায়ী আগামী দিনের কাজ সাজাচ্ছেন তিনি। এবার স্ত্রী ও হবু সন্তানকে সময় দিতে আগে ভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর। সেপ্টেম্বর থেকে আগামী বছর পর্যন্ত তেমন কোনও কাজ রাখছেন না হাতে।

সূত্রের খবর, ‘ডন ৩’ থেকে ‘শক্তিমান’-এর শুটিং শুরু করবেন আগামী বছরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত