নির্বাচনের পরেই বিয়ে করছেন কঙ্গনা, পাত্র কে?

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। লোকসভা নির্বাচনের পরেই সাত পাকে বাঁধা পড়বেন তিনি বলে খবর। সূত্র বলছে, ইতিমধ্য়েই নাকি জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেখা করে বিয়ের পোশাকও বানিয়ে ফেলেছেন কঙ্গনা।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নয়, হিমাচল প্রদেশে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়েই পাত্রের গলায় মালা দেবেন কঙ্গনা।

সম্প্রতি ইংরেজি এক সংবাদমাধ্যমে কঙ্গনার বিয়ের খবর ভুল করে ফাঁস করে দেন তার ফ্যাশন ডিজাইনার। তবে পাত্রের সম্পর্কে কিছু বলেননি। সূত্র বলছে, কঙ্গনার হবু স্বামী বলিউডের কেউ নন,  বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছিলেন কঙ্গনা।

কিছুদিন আগেই স্যালোঁর বাইরে কঙ্গনার সঙ্গে এক রহস্যময় ব্যক্তিকে দেখা গিয়েছিল। বেশ কয়েকবার সেই ভিনদেশী ব্যক্তির সঙ্গে অভিনেত্রীকে বিটাউনের এদিক সেদিক ঘুরতে দেখা গেছে। পরে জানা যায় তিনি কঙ্গনার হেয়ারস্টাইলিস্ট।

অন্যদিকে এস মাই ট্রিপ সংস্থার মালিক নিশান্ত পিত্তির সঙ্গে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে দফায় দফায় কঙ্গনাকে দেখা গিয়েছিল। মন্দির চত্বর থেকে দুজনের ছবি ভাইরালও হয়। তখন কঙ্গনা বলেছিলেন, আমার একান্ত অনুরোধ ভুয়া খবর ছড়াবেন না দয়া করে। নিশান্ত পিত্তির একটা সুখী দাম্পত্য রয়েছে। আর আমিও অন্য কারও সঙ্গে প্রেম করছি। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। এসব করে আমাদেরকে বিচলিত করবেন না। একজন নারীর সঙ্গে প্রতিদিন নতুন নতুন পুরুষের নাম জড়াবেন না দয়া করে।” 

অতীতে একাধিকবার প্রেমে জড়িয়েছেন কঙ্গনা রানাউত। কিন্তু কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি! প্রেমের জেরে বিতর্কেও জড়িয়েছেন বহুবার। তবে বছর খানেক ধরে কঙ্গনা একেবারে আদ্যোপান্ত ‘ফ্যামিলি গার্ল’। এখন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের থেকে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় তাকে। তবে এবার বোধহয় অভিনেত্রীর ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ বদলাতে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত