আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর এল সালভাদরের র্যাংকিং ৭৮। লিওনেল মেসি ইনজুরির কারণে ছিলেন না। তবু আগের ২০ ম্যাচে জয়হীন সালভাদরের বিপক্ষে আলবিসেলেস্তেদের সহজেই জেতার কথা। সেটিই হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে মধ্য আমেরিকার দেশটিকে। গোল করেছেন ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ আর জিওভান্নি লো সেলসো।
ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। কর্নার থেকে হেডে গোল করে লিড এনে দেন রোমেরো। আলবিসেলেস্তেদের হয়ে এটি তৃতীয় গোল রোমেরোর। যা আবার ২০১৯ সালের পর প্রথম। ৪২ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। জাতীয় দলের হয়ে ২০ ম্যাচে এটি চতুর্থ গোল তার। বিরতির পরও দেখা মিলেছে একই চিত্রের। আক্রমণাত্মক খেলেছে আর্জেন্টিনা। ৫২ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন লো সেলসো। মাঝমাঠে ছোট ছোট পাসে আক্রমণটি তৈরি করে আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজের অ্যাসিস্টে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন ইংলিশ ক্লাব টটেনহ্যামে খেলা এই মিডফিল্ডার।
ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়ে আর্জেন্টিনা ৮০ শতাংশ সময় নিজেদের দখলে রেখেছিল বল। আর্জেন্টিনা ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রেখেছে, এল সালভাদর পুরো ম্যাচে শটই নিতে পেরেছে মাত্র ২টি। সালভাদরের বিপক্ষে স্কালোনি খেলাননি জুলিয়ান আলভারেজকে। ম্যাক অ্যালিস্টার, মোলিনা, গারনাচো, ওতামেন্দিদের নামান বদলি হিসেবে। অবশ্য ম্যাচের পর সংবাদ সম্মেলনে দল নিয়ে কথা বলেছেন স্কালোনি। তিনি বলেন, ‘মোলিনার গোড়ালি মচকে গিয়েছিল। কয়েকদিন সে অনুশীলনও করতে পারেনি। তাই তার জায়গায় পেরেজ খেলেছে। গঞ্জালো, হুয়ান ও পাবলো চোটে পড়ায় তাকে সুযোগ দিয়েছিলাম। আমরা জানি এটা তার জায়গা নয়। তবে সে দারুণভাবে সামলেছে।’ রক্ষণভাগে উইঙ্গার হিসেবে পেরেজের অবস্থান নিয়ে স্কালোনি বলেন, ‘এই ম্যাচে আমাদের সঙ্গে যা ঘটেছে (দলের অনেকে ইনজুরিতে) তা যদি আবার ঘটে তাহলে এটা সত্যিকারের বিকল্প।’
পরীক্ষা-নিরীক্ষা নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি যারা একাদশের বাইরে থেকে যায়, তাদের সুযোগ দিতে। মাঠে একটা বৈচিত্র্য আনতে। এই ম্যাচে আমরা সেটাই করেছি। ফল দেখে আমি খুশি। সাধারণভাবে বলতে গেলে আমি মনে করি এটা ভালো একটা ম্যাচ ছিল। আমরা মাঠে যেভাবে খেলা পরিকল্পনা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে।’
এই ম্যাচে অভিষেক হয়েছে ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলা ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কোর। তার অভিষেক নিয়ে স্কালোনি বলেন, ‘মার্কোস আকুনা আসেনি চোটের কারণে। আমাদের কেবল তাগলিয়াফিকো ছিল। উদ্দেশ্য ছিল তাকে কিছুটা বিশ্রাম দেওয়া এবং ভ্যালেন্টিনকে দেখা। সেজন্যই তাকে অভিষেকের সুযোগ দেওয়া। অনুশীলনে সে আমাদের মুগ্ধ করেছিল।’
২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। সেই ম্যাচেও থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক মেসি।
