বিশ্বজয়ী দলের বিপক্ষে সেরা খেলাই লক্ষ্য

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:১০ এএম

অস্ট্রেলিয়ার এ দলটি বিশ্বের সেরা। তারা কেন সেরা সে প্রশ্নের উত্তরের জন্য মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে তাদের নৈপুণ্য যথেষ্ট। বাংলাদেশে অস্ট্রেলিয়া শেষবার এসেছিল ২০১৪ সালে বিশ্বকাপ খেলতে। সেবার শিরোপা নিয়ে নিজেদের দেশে ফিরেছিলেন মেগ ল্যানিংরা। দশ বছর পর মিরপুরে খেলতে নেমে বিরুদ্ধ কন্ডিশনে উল্টো বাংলাদেশকে খাবি খাইয়ে ছাড়ে অ্যালিসা হিলির দল। ১১৮ রানে প্রথম ম্যাচ হারার পর সিরিজ জিইয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই জ্যোতি-নাহিদাদের সামনে।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে কন্ডিশনের সঙ্গে খাপ খেতে শুরুতে বেগ পোহান অজি ক্রিকেটাররা। তবে সময়ের সঙ্গে ফিরে আসেন ম্যাচে। দলটির গোল্ডেন গার্ল খ্যাত অ্যানাবেল সাদারল্যান্ড হাল ধরেন ব্যাটিং ইনিংসের। মজায় মজায় ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারসেরা ৪৮ রানের সঙ্গে এক উইকেট নিয়ে অ্যালেনা কিং হন ম্যাচসেরা। আজ আবার তাদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে গতকাল ফাহিমা খাতুন বলেন, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিনশর বেশি রান করেছে। আমাদের বোলারদের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণে তারা দুইশ পার করতে পেরেছে। একই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আমরা।’

অজিরা মানিয়ে নিলেও চেনা কন্ডিশনে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। শেষ ৮ উইকেটের পতন হয় ২৫ রানের মধ্যে। জ্যোতি, সোবহানা ও মুরশিদা ছাড়া দু অঙ্ক ছুঁতে ব্যর্থ হন বাকি সবাই। সেসব ভুলে নিজেদের সেরাটুকু দিয়ে ম্যাচ জিততে মুখিয়ে বাঘিনীরা। ফাহিমা বলেন, ‘কাল (আজ) আমরা ভালো খেলার চেষ্টা করব। কে বলতে পারে, এই সিরিজটাতে হয়তো আমরা আমাদের ইনিংস লম্বা করতে পারি। আসলে ক্রিকেট খেলাটাই এমন। এখানে সবারই সুযোগ আছে, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন কিংবা বোলিং। ব্যাটাররা সর্বোচ্চ চেষ্টা করছে, যারা টপ অর্ডার ব্যাটিং করছে তাদেরও রানের অনেক ক্ষুধা। আর বড় দলের বিপক্ষে চাইব আমাদের সেরাটা খেলার।’

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে থাকতে হবে। নিজেদের অভ্যস্ত কন্ডিশনে আজ তাই ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ফাহিমা তথা বাংলাদেশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত