‘কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদের তালিকা হচ্ছে’

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:৪১ এএম

কিশোর গ্যাং কালচারের নেপথ্যে আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করা হচ্ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, কিছুদিন আগেও ঢাকায় ৩৪টি কিশোর গ্যাং ছিল। তারা নানা অপরাধে জড়িত। সম্প্রতি এই তালিকা বড় হয়েছে।

গতকাল শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, ‘কিশোর গ্যাংয়ের নেপথ্যে যে বড় ভাই থাকুক না কেন, যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, শিশুদের ভিন্নভাবে অপরাধকাজে ব্যবহার করা অপরাধ। তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও তালিকা করে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীর কোনো দল নেই, থাকার কথাও না। অপরাধীই বরং কোনো কোনো দলে শেল্টার নেয়। অতীতে আমরা তাই দেখেছি। কিশোর অপরাধ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। কিশোর অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ডিএমপির পক্ষ থেকে বলতে চাই, কিশোর অপরাধের পেছনে যদি কেউ কোনো পৃষ্ঠপোষকতা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে বলে আমি মনে করি না।’

কিশোর অপরাধের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার প্রসঙ্গে তিনি বলেন, ‘কিশোর অপরাধী গ্যাং ছিল ৩৪টি। এখন তা বেড়েছে।  আমি স্পষ্ট করে বলতে চাই, কিশোর অপরাধে যারা জড়িত বা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আইনের মাত্রা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ কিশোর অপরাধে যেন কেউ পৃষ্ঠপোষকতা না করে। কার্যক্রমের জন্য কিশোরদের ব্যবহার করা না হয়। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।’

তালিকা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পৃষ্ঠপোষকদের নাম আসছে। তাদের তালিকা করা হবে। নাম কিছু এসেছে। আরও কিছু এলে তালিকা হালনাগাদ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত