কাজে লাগাও ছুটির দিনগুলো

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০২:১৩ এএম

শুরু হয়েছে রোজা ও ঈদের ছুটি। পাঠ্যবইয়ের পড়ার চাপে যে কাজগুলো করার একদমই সময় পাচ্ছিলে না, এই ছুটিতে শুরু করতে পারো সেগুলো। এর ফলে তোমার আগ্রহের কাজগুলো যেমন করতে পারবে, তেমনি ছুটির সময়কেও কাজে লাগাতে পারবে সুন্দরভাবে। লিখেছেন বিপুল জামান

বই পড়া

বছরের অন্য সময় পাঠ্যবইয়ের বাইরে অন্য বই হাতে দেখলেই বাবা-মা বকা দেন। তাই ইচ্ছা থাকলেও পড়া হয় না পছন্দের লেখকের গল্প-উপন্যাস-কবিতা বা অন্য বই। এই ছুটির দিনগুলো পছন্দের বই পড়ার কাজে লাগাতে পারো। কয়েকদিন আগেই শেষ হলো অমর একুশে বইমেলা। বইমেলাতে নিশ্চয় অনেক বই কিনেছ। বইগুলো কি পড়া শুরু করেছ? না করলে এই ছুটিতে শুরু করতে পারো। চেষ্টা করো বই পড়ার সঙ্গে সঙ্গে বইয়ের সংক্ষিপ্তসার বা ভালো লাগা-মন্দ লাগা লিখে রাখতে। এতে তোমার লেখার দক্ষতা বাড়বে।

শিখতে পারো বাদ্যযন্ত্র বাজানো

অনেকেরই মনে একটা খেদ রয়ে গেছে। ইস, আমি যদি গিটার বাজাতে পারতাম বা যদি বাঁশি বাজাতে পারতাম! হালে কিশোর ও তরুণদের মধ্যে উইকিলে জনপ্রিয় হয়ে উঠেছে। তোমারও কি এমন কোনো বাদ্যযন্ত্র বাজাতে ইচ্ছে করে? কিন্তু এতদিন পড়ার চাপে শেখা শুরু করতে পারছিলে না? তাহলে এই ছুটির সময়ে শুরু করতে পারো শেখা। এই পনেরো-বিশ দিনের ছুটিতে হয়তো তুমি পুরোপুরি শিখে উঠতে পারবে না। কিন্তু শুরুতে অনুশীলনের জন্য যে নিরবচ্ছিন্ন সময়ের প্রয়োজন হয় সেটি পাবে এই ছুটিতে। তাই দেরি না করে শুরু করতে পারো পছন্দের বাদ্যযন্ত্র বাজানো শেখা।

নতুন ভাষা শেখা

এখন ভাষা শেখা খুবই সহজ। ইউটিউবের রয়েছে বিভিন্ন ভাষা শেখার চ্যানেল। রয়েছে বিভিন্ন অ্যাপ। তাই যে কোনো জায়গায় বসে যে কোনো ভাষা শেখা যায় খুব সহজে। প্রাথমিক একটি ধারণা নিয়ে এরপর প্রাতিষ্ঠানিকভাবে শিখতে পারো বিশেষজ্ঞদের কাছ থেকে। কোনো ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এই ছুটি কাজে লাগাতে পারো। শিখতে পারো নতুন ভাষার প্রাথমিক কৌশলগুলো।

সাঁতার শেখো সাইকেল শেখো

সাঁতার বা সাইকেল একবার শিখলে তা আর কেউ ভোলে না। নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই সংবাদপত্রে প্রকাশিত হয় সাঁতার না জানার কারণে কিশোর-তরুণদের মৃত্যুর সংবাদ। কয়েক দিনের চেষ্টায় সাঁতার শিখে নিলেই ডুবে মরা থেকে বাঁচানো সম্ভব নিজের ও অন্যের জীবন। আর সাইকেল চালানো জানলে খুব দ্রুত সাইকেলে ভ্রমণ করে দৈনন্দিন কাজ খুব দ্রুত শেষ করা সম্ভব। তা ছাড়া সাইকেল চালানো শিখলে পরে মোটরসাইকেল চালানো শেখাও হয়ে যায় সহজ। সাইকেল চালানো থেকে তুমি জীবনের পাঠও নিতে পারো। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, জীবন হলো সাইকেল চালানোর মতো। ভারসাম্য বজায় রাখতে হলে এগিয়ে যেতে হবে। কী, জীবনের পাঠ শিখতে এই ছুটিতে শিখে ফেলবে নাকি সাইকেল চালানো?

কম্পিউটার শেখো

আজকের দুনিয়া কম্পিউটারের জ্ঞান ছাড়া অচল। মোবাইলফোনের বদৌলতে আমরা ইন্টারনেট ব্যবহার করা তো শিখে গেছি, কিন্তু কম্পিউটারের প্রাথমিক দক্ষতাগুলো শেখা হয়ে ওঠেনি। এই ছুটিতে কম্পিউটারের প্রাথমিক দক্ষতা যেমন, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, গ্রাফিকসের প্রাথমিক দক্ষতা ইত্যাদি আয়ত্ত করতে পারো। তা ছাড়া এখন সব শ্রেণিতেই রয়েছে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দক্ষতার পাঠক্রম। সেখানে যুক্ত আছে কোডিং বিষয়টি। ছুটিতে ঝালিয়ে নিতে পারো নিজের কোডিং দক্ষতাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত