জাল-জালিয়াতিতে জড়িতরা সিইও হতে পারবেন না

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:২৮ এএম

আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগে যোগ্যতা, দক্ষতা ও উপযুক্ততা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে ফৌজদারি ও দেওয়ানি আদালত কর্তৃক দন্ডিত বা দেওলিয়া ঘোষিত, জাল-জালিয়াতির সঙ্গে যুক্ত, আর্থিক অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি সিইও হতে পারবেন না। কেউ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনজনিত কারণে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক বা কর্মকর্তা বা কর্মচারী থাকাকালীন স্বীয় পদ হতে বরখাস্ত হলে তার প্রধান নির্বাহী হতে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কর খেলাপি ও ঋণ খেলাপি কোনো ব্যক্তি এসব প্রতিষ্ঠানের সিইও হওয়ার সুযোগ পাবেন না। গতকাল সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন অথবা প্রধান কর্মকর্তা হিসাবে কর্মকালীন প্রতিষ্ঠানের নিবন্ধন অথবা সনদ বাতিল করা হলে অথবা কোম্পানি বা প্রতিষ্ঠানটি বন্ধ করা হলে তিনি সিইও এর জন্য অযোগ্য হবেন। আর্থিক প্রতিষ্ঠান বা ফাইন্যান্স কোম্পানি বা কোনো ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহী বা চেয়ারম্যান বা পরিচালক বা কর্মকর্তা বা অন্য কোনো পদে আসীন থাকা অবস্থায় তাকে স্বীয় পদ থেকে অপসারণ বা বরখাস্ত করা হলে তিনি সিইও হতে পারবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের সিইও হতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হবেন। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক বা পেশাগত ডিগ্রিধারী ব্যক্তি নিয়োগে প্রাধিকার পাবেন। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতাসহ প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত