ফিফার চলমান আন্তর্জাতিক উইন্ডোতে মঙ্গলবার রাত ২টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। স্বভাবতই ফ্রান্সের হয়ে মাঠ মাতাবেন দেশটির বর্তমান সময়ের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে সমস্যা একটাই, ম্যাচটি আয়োজিত হবে স্তাদে ওরেঞ্জ ভেলোদ্রোমে। যা এমবাপ্পের পিএসজির চিরপ্রতিদ্বন্দ্বী দল অলিম্পিক মার্সেই-এর মাঠ।
পিএসজি-মার্সেই দ্বৈরথ থেকে ওই মাঠে খেলতে গেলেই দুয়ো শুনতে হয় এমবাপ্পেকে। চিলির সঙ্গে ম্যাচের আগে ফ্রান্স অধিনায়ক সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানালেন। এমবাপ্পে বলেন, ‘যদি আমাকে দুয়ো দেওয়া হয়, স্বাভাবিকভাবেই নেব। জীবন এরকমই। এটাকে আমি ব্যক্তিগতভাবে নেব না এবং খেলায় প্রভাব ফেলতে দেব না। যদি আমাকে দুয়ো দেওয়া না হয়, আমার জন্য তা হবে আনন্দময় এক বিস্ময়।’
গত শনিবার জার্মানির কাছে ফ্রান্স হেরে গেছে ২-০ গোলে। ইউরোর আগে দলের এমন পারফরম্যান্সে অসন্তুষ্টি লুকালেন না অধিনায়ক, ‘আমাদের এই উপলব্ধি প্রয়োজন যে, সামনের ম্যাচগুলিতেও এভাবে খেলতে থাকলে আমাদের জন্য বড় হতাশা অপেক্ষা করছে। আমরা নিশ্চয়ই এমন কিছু হতে দিতে চাই না। জার্মানির বিপক্ষে আমরা যদি ৫-০ গোলে জিততাম, তারপরও বলতাম না যে, খুব সহজেই ইউরো জিতে যাব আমরা। কাজেই হেরে যাওয়ার পরও বলছি না যে আমরা পিছিয়ে থাকব।’
ইউরো বাছাইপর্বে অপরাজিত ছিল ফ্রান্স। ৮ ম্যাচের ৭টিতেই জেতে তারা, একটিতে করে ড্র।
