ফোনের বিকল্প হিউম্যান এআই পিন

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:৫১ এএম

ছোট্ট একটি ডিভাইস। যা আপনি জামার সামনে কোটপিনের মতো করে লাগাতে পারবেন। এই ডিভাইস সঙ্গে থাকলে স্মার্টফোন ব্যবহারের আর প্রয়োজন হবে না। এমনটাই দাবি করেছেন যে কোম্পানি এই ডিভাইস বানিয়েছে তারা। স্মার্টফোনের মতো একাধিক কাজ করতে পারে হিউমেন এআই পিন। কীভাবে এটি ফোনের বিকল্প এবং বিশেষ কী সক্ষমতা রয়েছে জেনে নিন। জানালেন সাজিদ ইমতিযাজ

কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে চমকপ্রদ একটি স্মার্ট ডিভাইস বানিয়েছে মার্কিন সংস্থা হিউমেন। অ্যাপলের দুই প্রাক্তনী ইমরান চৌধুরী এবং বেথানি বোঙ্গিয়োর্নো। চলতি বছর বার্সেলোনাতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে এই ডিভাইস জনসম্মুখে নিয়ে আসেন তারা। স্মার্টফোনের অন্যতম বিকল্প হিসেবে দাবি করা হচ্ছে হিউমেন এআই ডিভাইসকে।

ক্যামেরা, মিডিয়া ও রিমাইন্ডার

স্মার্টফোনের মতো একাধিক ফিচার রয়েছে এই ছোট্ট ডিভাইসটিতে। এটি ছবি তুলতে পারে, ভিডিও রেকর্ড করতে পারে, ভয়েস কমান্ডের মাধ্যমে মিডিয়া কন্ট্রোল করতে পারবে। শুধু আঙুল দিয়ে ক্লিক করলে ছবি উঠে যাবে, শুরু হবে ভিডিও রেকর্ডিং। এখানেই শেষ নয়, এটি ব্যবহারকারীর মিটিং শিডিউল লিস্ট নোট করে তার রিমাইন্ডারও দিতে পারে।

ওয়েব সার্চ ও অনুবাদ

কিছু জানতে হলেই আমাদের গুগল সার্চের শরণাপন্ন হতে হয়, সেই কাজও আরও সহজে এবং দ্রুত করতে পারে হিউমেন এআই পিন। সেই তথ্য সংগ্রহ করে আপনার কাছে হাজির করে দিতে পারবে ডিভাইসটি। পাশাপাশি রিয়েল টাইমে ৫০টি ভাষা অনুবাদ করতে পারে এই ছোট্ট স্মার্ট ডিভাইস।

ইমেজ রেকগনিশন

কোম্পানির প্রধান ইমরান চৌধুরী দাবি করেছেন, এতে একটি ভিশন ফিচারও রয়েছে যা যেকোনো ছবি বিশ্লেষণ করে তার ভিত্তিতে সেটির টাইপ, অরিজিন কীভাবে বানানো হয়েছে সেই তথ্য তুলে ধরবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এই ফিচারটি আগামী দিনে আলোড়ন ফেলতে পারে। পাশাপাশি নিউট্রিশন ট্র্যাকার হিসেবেও কাজ করতে পারে।

কলিং ও মেসেজিং

স্মার্টফোনের ব্যবহার নানা কাজেও হলে মূল ব্যবহার হলো ফোন ও মেসেজ। সেই দক্ষতাও রয়েছে এই ডিভাইসের। হাত ব্যবহার না করেই ওয়্যারলেস কলিং এবং ভয়েস কমান্ডের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন। এই ফিচার গ্যাজেট-প্রেমীদের বিশেষভাবে আকর্ষিত করতে পারে।

কর্মদক্ষতা বাড়াতে পারবেন

কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য কর্মদক্ষতা বাড়ানো খুব দরকার। সেই কাজে আপনার সাহায্য করতে পারে হিউমেন এআই পিন। আপনি যদি ল্যাপটপে কিছু কাজ করেন তখন অ্যাপের নানা তথ্য আপনাকে গাইড করবে এই ডিভাইস। পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার অর্গানাইজও করতে পারে।

নোটিফিকেশন ম্যানেজমেন্ট

আপনার স্মার্টফোনে গুচ্ছের নোটিফিকেশন এসে জড়ো হলে তা ঠিকভাবে দ্রুত অর্গানাইজ করা যায় না। কিন্তু, কোম্পানির দাবি অনুযায়ী, বিভিন্ন অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া থেকে আসা নোটিফিকেশন ম্যানেজ করার দক্ষতা রয়েছে নতুন এই হিউম্যান টুলসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত