মোদির বাড়ি ঘেরাওয়ে মুখোমুখি আপ সমর্থক ও পুলিশ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:২৮ এএম

আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই গ্রেপ্তারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে করা মামলার শুনানি আজ বুধবার হবে। বিচারপতি স্বর্ণকান্ত শর্মার একক বেঞ্চে এই শুনানি হবে। এদিকে গতকাল মঙ্গলবার কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আম আদমি পার্টির (আপ) কর্মী-সমর্থকরা রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত হয়। এর মধ্যে কারাগার থেকে দিল্লির সরকারের জন্য আরেকটি নির্দেশনা জারি করেছেন আপের প্রধান। 

আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য ৯ বার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইডি। তাকে সাত দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত শনিবার দিল্লি হাইকোর্টে মামলা করেন তিনি। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ এই মামলা শুনবেন বিচারপতি স্বর্ণকান্ত। আপের আইনজীবীরা আদালতে পেশ করা আরজিতে দাবি করেন, কেজরিওয়ালকে গ্রেপ্তার করা এবং হেফাজতে পাঠানোর নির্দেশ ‘বেআইনি’।

কয়েক দিন ধরে বিরোধী জোট ‘ইনডিয়া’-এর শরিকরা অভিযোগ করছেন, আসন্ন লোকসভা ভোটের আগে বিরোধীদের ভয় দেখাতে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে বিজেপি সরকার। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হন কংগ্রেসসহ অন্য বিরোধী দলের প্রতিনিধিরা। প্রতিবাদ-বিক্ষোভের ধারাবাহিকতায় গতকাল দিল্লির রাজপথ ছিল উত্তপ্ত। আপ কর্মী-সমর্থকরা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও কর্মসূচিতে নামেন। এ নিয়ে সকাল থেকে কড়াকড়ি আরোপ করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্য সংস্থাগুলো।

গতকাল সকালেই দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, তারা আপকে কর্মসূচির জন্য অনুমতি দেয়নি। রাজধানীর নির্দিষ্ট কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। আপ সমর্থকরা জমায়েত করার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। বেশ কয়েকজনকে আটক করে টেনেহিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, গতকাল সকাল ১০টা নাগাদ দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের সামনে জড়ো হন আপ সমর্থকরা। পুলিশ এসে মাইকিং করে জানায়, এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই আপ সমর্থকরা যেন ৫ মিনিটের মধ্যে জমায়েত সরিয়ে নেন। কিন্তু তারপরও বিক্ষোভকারীরা এলাকা ছাড়তে রাজি হননি। তারপরই টেনেহিঁচড়ে আপ সমর্থকদের গাড়িতে তোলে পুলিশ।

দিল্লি ট্র্যাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে গতকাল দিনের ব্যস্ত সময়ে দিল্লির সফদরজং রোড, আকবর রোড এবং তিন মূর্তি মার্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পাশাপাশি যারা বিমানবন্দর, রেলস্টেশনে যাবেন, তাদের হাতে ‘যথেষ্ট সময়’ নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়।

এদিকে গত রবিবারের পর গতকালও ইডি হেফাজত থেকে সরকারি দায়িত্ব সেরেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সরকারের স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজকে বিশেষ নির্দেশনা দেন তিনি। তার নির্দেশ ‘মহল্লা ক্লিনিক’-এ যেন কোনোভাবেই বিনামূল্যে দেওয়া ওষুধের ঘাটতি না হয়।

গতকাল সংবাদ সম্মেলনে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কারাগারে থাকা সত্ত্বেও কেজরিওয়াল দিল্লির মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তিনি আমাকে এ ব্যাপারে কিছু নির্দেশ দিয়েছেন। কেজরিওয়াল আমাকে বলেছেন, তিনি খবর পেয়েছেন দিল্লির কিছু হাসপাতালে এবং মহল্লা ক্লিনিকে বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে না। আবার সেখানে সব ওষুধ থাকছে না। অবিলম্বে এ সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত