জম্মু ও কাশ্মীর থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা)’ প্রত্যাহার হতে পারে শিগগিরই। এই ঘোষণা দিয়েছেন বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ দাবি গত মঙ্গলবার বলেন, ‘জম্মু এবং কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার এবং রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।’ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণ রুখতে ভারতের সেনাবাহিনীর হাতে বাড়তি ক্ষমতা তুলে দিতে ১৯৫৮ সালে আফস্পা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ওই সময় জম্মু ও কাশ্মীরসহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও আফস্পা জারি করা হয়। প্রায় দুই বছর আগে নাগাল্যান্ড, মণিপুর এবং আসামের একাংশ থেকে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের ৭০ শতাংশ এলাকা থেকে আফস্পা তুলে নেওয়া হয়েছে। এবার জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রেও একই জিনিস কার্যকর হবে।
