সিরাজগঞ্জ প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি কক্ষ থেকে নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ওই কার্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।
আজ শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার পর নিজের কক্ষে তার মরদেহ পাওয়া যায়। নিহত নুরুল সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মৃত আজগর আলীর ছেলে।
অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা বৃহস্পতিবার একসঙ্গে অফিস করেছি। তিনি নৈশপ্রহরী হওয়ায় অফিসেই থাকতেন। শুক্রবার সন্ধ্যার পর অফিসে গিয়ে তার জানালার দিকে তাকিয়ে দেখি গলায় ফাঁস দিয়েছে। পরে বিষয়টি স্যারকে জানানো হয়।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে থানায় জানানো হয়। পুলিশ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবে।’
সিরাজগঞ্জ টাউন সার্ভিসের দুই নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন বলেন, ‘ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কোনো কারণে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল, মোসাদ-শিন বেতকে সবুজ সংকেত