ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী দিনে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যেতে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলকে দোহা ও কায়রো যেতে অনুমোদন দিয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানায়। খবর টাইমস অব ইসরায়েলের।
গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তোলা প্রস্তাব পাস হয়। ওইদিন প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে দোহায় অবস্থানরত প্রতিনিধি দলকে ফিরিয়ে আনেন নেতানিয়াহু। তবে মধ্যস্থতাকারী দেশ কাতার পর দিন জানায়, যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে।
নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারের সঙ্গে নতুন আলোচনা নিয়ে কথা বলেছেন। তারা কর্মকর্তাদের দোহা ও কায়রোয় পাঠাবেন। যদিও বার্নেয়া বা রনন সেখানে যাবেন কিনা সেটি স্পষ্ট নয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারান। ওইদিন থেকেই অবরুদ্ধ গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৭৫ হাজার মানুষ।
গাজায় একদিনে নিহত আরও ৬২, মৃত্যু বেড়ে ৩২৫৫২