দুদলের লড়াইটা যেমন হওয়ার কথা ঠিক তেমনটাই হলো। চার কোয়ার্টার আর বিরতি মিলিয়ে ৭০ মিনিটের হকি ম্যাচটা গোলেমালের কারণে শেষ হলো আড়াই ঘণ্টায়। ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়ানো আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। তাতে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ এখন অনেকটাই উন্মুক্ত। সেরা চার দলই আছে শিরোপা লড়াইয়ে।
টানা আট ম্যাচ জিতে শনিবার চিরশত্রু মোহামেডানের বিপক্ষে নেমেছিল আবাহনী। ম্যাচটা জিতলে তারাই হয়ে যেত লিগের প্রথম ধাপের সেরা। তবে ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়ানো ম্যাচে জেতেনি কেউই। পুরো ম্যাচ জুড়েই ছিল দুই দলের রিভিউ নেওয়ার হিড়িক। মোহামেডানের রাসেল মাহমুদ জিমির স্টিকের আঘাতে মাঠ ছাড়তে বাধ্য হন আবাহনীর মেহরাব হোসেন সামিন। ম্যাচের শেষ বাঁশি বাজার ৫৮ সেকেন্ড আগে একটি ফাউলকে কেন্দ্র ম্যাচ বন্ধ থাকে ৩৫ মিনিট। কখনো আবাহনী প্রতিবাদমুখর হয়েছে বিদেশি আম্পায়ারদের বাঁশিতে। কখনো এই রূপে আবির্ভূত হয়েছে মোহামেডান। ১৫ মিনিট বিলম্বে ম্যাচটা শুরু হয়েছিল বিকেল সাড়ে ৩টায়। বিদেশি দুই আম্পায়ার আসতে দেরি করায় ম্যাচ শুরু হতে দেরি হয়। ম্যাচের শুরুতে সদ্যপ্রয়াত হকি ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের আত্মার মাগফেরাতের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৩ মিনিটে মোহামেডানের আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে ফিরে সমতা। এরপরই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। খেলোয়াড়রা জেতার জন্য আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউতে মেতে ওঠেন বারবার। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সাদা-কালোদের একটি গোল হওয়ার আগে আম্পায়ার ফাউলের বাঁশি বাজালে ফের শুরু হয় গোলমাল। মোহামেডানের খেলোয়াড়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন তাতে। পরে রিভিউতে ফাউল বাতিল হয়। খেলা বন্ধ থাকে ১০ মিনিটের মতো। ম্যাচ শেষের ৫৮ সেকেন্ড আগে মোহামেডানের করা একটি ফাউলকে কেন্দ্র করে খেলা বন্ধ থাকে আরও ৩০ মিনিট। এরপর খেলা শুরু হলে শেষ সেকেন্ডে পেনাল্টি কর্নার পায় মোহামেডান। কিন্তু আম্পায়ার খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। তাতেও আপত্তি জানায় মোহামেডান। সেই পেনাল্টি কর্নার গড়াতে সময় লাগে আরও ১০ মিনিট। এভাবে সাড়ে ৩টায় খেলা শুরু হলেও তা শেষ হয় বিকেল ৬টায়।
খেলা শেষে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ বলেন, ‘খেলা নষ্টের মূলে তৃতীয় আম্পায়ার সেলিম লাকি। ফেডারেশন ৫৫ হাজার টাকা খরচ করে রিভিউ দেখার মেশিন কিনলেও নাকি তিনি তা স্পষ্ট দেখতে পান না।’ তবে অভিযোগের আঙুল সরাসরি মোহামেডানের খেলোয়াড়দের দিকে তুললেন আবাহনীর ম্যানেজার মাহবুব হারুন। তার কথায়, ‘মোহামেডানের দুজন (নাম বলেননি) খেলোয়াড়ের কারণেই ম্যাচের এই দশা।’
শনিবার লিগের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে মেরিনার ইয়ংস ক্লাব ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ এসসিকে। ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে চারে মেরিনার্স। সমান ম্যাচ থেকে মোহামেডান ২০ পয়েন্ট নিয়ে আছে তিনে। ৯ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। ঊষা সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এখান থেকে যে কোনো দলেরই লিগের প্রথম ধাপ শেষে সেরা হওয়ার সুযোগ আছে।
