সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে আমির উদ্দিন নামের (৫০) দোকানদারকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
গতকাল শনিবার (৩০ মার্চ) গভীর রাতে মইনপুর গ্রামের আমির উদ্দিনের মুদির দোকানের ভেতরেই এই ঘটনা ঘটে। রাতেই ঘটনার সাথে জড়িত একই গ্রামের মজলু মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আহ রবিবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, শনিবার গভীর রাতে মইনপুর গ্রামের পাবেল মিয়া ও মজলু মিয়া সিগারেট কেনার কথা বলে আমির উদ্দিনকে ডেকে তোলে। তখন আমির উদ্দিন সিগারেট না দিয়ে বকেয়া ধার নেওয়া টাকা চাইলে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে ঘাতক পাবেল ও মজলু মিলে আমির উদ্দিনকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার আগে আমির উদ্দিন গ্রামের পাবেল মিয়া ও মজলু মিয়ার নাম বলেন। তবে অধিক রক্তক্ষরণে হাসপাতালে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। তিনি মারা যাওয়ার আগে দুই জনের নাম বলে গেছেন। একজনকে রাতেই আটক করা হয়েছে। জড়িত অন্যজনকে আটক করার চেষ্টা চলছে।
