সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০২:৫০ এএম

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউতে) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগে থেকেই অসুস্থ খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত শনিবার রাত ৩টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে সিসিইউতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গতকাল রবিবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শরীরটা ভালো যাচ্ছিল না বলেই গভীর রাতে হাসপাতালে দ্রুত এনে ভর্তি করাতে হয়েছে। এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাতে হাসপাতালে আনার পরপরই কয়েকটি টেস্ট (পরীক্ষা) করানো হয়। মেডিকেল বোর্ড পরীক্ষার ফল দেখে চিকিৎসা দেয়। তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা মনিটরিং করে ব্যবস্থা নিচ্ছে।’

সম্প্রতি শারীরিক পরিস্থিতির অবনতি হলে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা বাসাতেই বিএনপি চেয়ারপারসনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু শনিবার রাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আবারও অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুসে জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত