ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে অজ্ঞাত এক গাড়ির চাপায় দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন শংকর মালো (৪২) এবং মোটরসাইকেল আরোহী তার ছেলে অন্তর মালো (২০)।
রবিবার রাত ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শংকর মালোর ছেলের মৃত্যু হয়। এর আগে, রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দির মাজেদা জুটমিলের সামনে দুর্ঘটনার ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বাবা শংকরের। নিহত শংকর মালো ও অন্তর মালোর বাড়ি সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে। শংকর ওই গ্রামের মলিন মালোর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শংকর মালো তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দির মাজেদা জুটমিলের সামনে অজ্ঞাত একটি যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শংকর মালো নিহত হন এবং আহত শংকর মালোর ছেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মারা যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, কিভাবে এবং কিসের সাথে এই দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে জানা যাবে।
