ভি-নেক্সটে বিদেশি বিনিয়োগ নেওয়ার সুযোগ

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০১:০৫ এএম

শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসইর কৌশলগত চুক্তির আওতায় ইস্যুয়ার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে ভি-নেক্সট প্ল্যাটফর্ম। বর্তমানে চীনসহ ৪৭টিরও বেশি দেশে ভি-নেক্সট প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এসব দেশের সম্ভাবনাময় সংস্থাসমূহ ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও সম্প্রসারণে প্রয়োজনীয় মূলধন চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতিতে পুঁজিবাজারের জন্যও সুযোগ সৃষ্টি করবে। গত রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুঁজিবাজারের উন্নয়নে ভি-নেক্সট প্ল্যাটফর্ম বাস্তবায়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বৈঠকে পুঁজিবাজারের অন্যান্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এটিএম তারিকুজ্জামান বলেন, ভি-নেক্সট একটি মূলধন ম্যাচমেকিং প্ল্যাটফর্ম, যা ভেঞ্চার ক্যাপিটাল ও উদীয়মান প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। অনলাইন প্রযুক্তিনির্ভর ভি-নেক্সট প্ল্যাটফর্ম সমগ্র বিশ্বের বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। একটি দেশের সম্ভাবনাময় খাতসমূহ বিদেশি অর্থায়নের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ভি-নেক্সট সেতুবন্ধন রূপে কাজ করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসএমই কোম্পানিগুলোর জন্য অর্থায়ন ব্যবস্থার উন্নয়নের সুযোগ রয়েছে।

স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর সিনিয়র ম্যানেজার মো. শাহাদাত হোসেন। তিনি ভি-নেক্সটের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, ভি-নেক্সট গ্লোবাল নেটওয়ার্ক, ভি-নেক্সট কমিউনিটি, ভি-নেক্সট অফার : এন্টারপ্রাইজ, ভি-নেক্সট ব্যবহারকারীদের নির্দেশিকা এবং ভি-নেক্সটের অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত