একবার হলেও সিনেমাটি সবার দেখা উচিত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০০ এএম

একাধারে নির্মাতা ও প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান তিনি। প্রায় পাঁচ বছর পর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ওমর’। সিনেমা ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেন ইমরুল নূর

ঈদে অনেক সিনেমার ভিড়ে আপনার ‘ওমর’ মুক্তি পাচ্ছে। কেমন অনুভব করছেন?

অনুভূতি বলতে গেলে মূলত ব্যস্ত! এটাই বুঝছি আর বাকি কিছু মাথায় আসছে না আপাতত।

‘ওমর’ মাল্টিকাস্টেড সিনেমা। এর নায়ক থেকে শুরু করে বিভিন্ন চরিত্র সামনে এনেছেন। কিন্তু নায়িকার নাম এখনো প্রকাশ করেননি। এটি কি প্রচারণার কোনো কৌশল?

গল্পের চাহিদা অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করেছি। আমার সিনেমায় যারা অভিনয় করেছেন সবার নামই জানিয়ে দিয়েছি। ফলে এক্ষেত্রে বিপণনের কোনো কৌশল নেই।

আপনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যদি একদিন’ এসেছে ২০১৯ সালে। নতুন সিনেমার জন্য এত সময় নিলেন কেন?

করব-করব করে করা হয়নি। তাছাড়া ‘যদি একদিন’ মুক্তির পরের বছর থেকে বড় একটা সময় করোনা মহামারীর কারণে কেটে গেছে।

সিনেমা নির্মাণে একজন পরিচালকের কী ধরনের ঝুঁকি থাকে? ‘ওমর’ সিনেমার ইউএসপি কী বলেন মনে করেন এবং এটি দর্শকদের কেন দেখা উচিত?

পরিচালকের ঝুঁকি অনেক। কারণ আমাদের এখানে পেশাদার প্রযোজনা প্রতিষ্ঠান নেই। বাংলাদেশে আমরা পরিচালকরাই সবকিছু করি। পরিচালককেই সব দিকে মনোযোগ রাখতে হয়। গল্প থেকে শুরু করে মুক্তি দেওয়া পর্যন্ত সবকিছু ঝুঁকি নিয়ে করতে হয়। ‘ওমর’ সিনেমার ইউএসপি’র গল্প। এজন্যই আমি মনে করি, একবার হলেও সিনেমাটি সবার দেখা উচিত।

প্রচারণার ক্ষেত্রে সিনেমার হাইপ তুলতে অনেকেই নানা রকম নেগেটিভিটি কিংবা কাদা ছোড়াছুড়ি করে থাকেন। এতে করে সিনেমা কিংবা ইন্ডাস্ট্রি কতটুকু লাভবান হচ্ছে বা ক্ষতি হলেও সেটি কী রকম?

সত্যি বলতে, প্রচারণা কে কীভাবে করবে সেটা যার যার ব্যাপার। আমার মতো আমি প্রচারণা চালাচ্ছি। লাভ-লোকসান নির্ভর করবে দর্শকদের চাহিদার ওপর।

নির্মাতার পাশাপাশি আপনি একজন প্রযোজকও। দুই দৃষ্টিকোণ থেকে বর্তমানে নাটক ও ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

আমি শুধুই নাটক প্রযোজনা করি। এক্ষেত্রে ঝুঁকিটা এখন কম। নাটক অনেক প্ল্যাটফর্মে পরিবেশন করা যায়, তাই বিনিয়োগটা ফেরত আসে। আর সিনেমায় আগামীতে ভালো সময় আসবে বলে আমি মনে করি।

ইন্ডাস্ট্রিতে নায়ক, নায়িকা, পরিচালকের সংখ্যা দিন দিন বাড়লেও সেই হারে প্রযোজক বাড়ছে না কেন? এখন যারা আছেন লগ্নিতে তাদের অনীহা কেন?

কারণ একটাই, টাকার গ্যারান্টি নেই। ধরুন, আপনি বাজারে বিনিয়োগ করেন, কিন্তু সেখান থেকে টাকা ফেরত পাবেন কি না সেই নিশ্চয়তা নেই। আপনি যদি নিশ্চিত টাকা ফিরে পেতেন তাহলে অন্যরা আগ্রহী হতো বিনিয়োগে। সহজ হিসাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত