অন্যান্য বছরের তুলনায় এবার কোনো ধরনের যানজট ও ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী মানুষ। দেশের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এ মহাসড়কে বিগত কয়েকদিন যাবতই নির্বিঘ্নে যান চলাচল করতে দেখা গেছে।
এ মহাসড়কের সোনারগাঁ অংশে কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া ও মেঘনা টোল প্লাজা এলাকায় অবৈধ ফুটপাত, যত্রতত্র যাত্রী ওঠা-নামা ও উল্টোপথে যান চলাচলের কারণে যেকোনো উৎসব ও লম্বা ছুটির সময় দীর্ঘ যানজট সৃষ্টি হতো। তবে এবার হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতার কারণে এ ধরনের কোনো সমস্যার সৃষ্টি হতে দেখা যায়নি। এ মহাসড়কে কোনো ধরনের যানজট না থাকায় অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ।
অন্যান্য বছর ঈদের সময় এ মহাসড়কের মেঘনা টোল প্লাজায় ধীর গতিতে টোল আদায়ের কারণে ভয়াবহ যানজট সুষ্টি হতো। দীর্ঘ যানজটে ভোগান্তির শিকার হতো এ পথে চলাচলকারী যাত্রীরা। তবে ঈদকে সামনে রেখে সম্প্রতি মেঘনা টোল প্লাজাতে নতুন আরো ৬টি টোল আদায়ের কাউন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে মেঘনা টোল প্লাজায় ১২টি কাউন্টার এক সাথে চালু থাকায় স্বাচ্ছন্দেই যান চলাচল করছে।
মেঘনা টোল প্লাজার কর্মকর্তা আব্দুল আলিম জানান, এ টোল প্লাজায় এখন ১২টি কাউন্টার চালু আছে। ঈদের সময় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তবে আমাদের কাউন্টার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্রুত সময়ের মধ্যেই টোল আদায় করে যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তাই এখানে কোনো ধরনের যানজট সৃষ্টি হচ্ছে না।
আবু তাহের নামে চট্টগ্রামগামী এক যাত্রী জানান, ঈদে মহাসড়কে এমনিতেই গাড়ির চাপ খুব বেশি থাকে। তবে এবার এ মহাসড়কে কোনো যানজট চোখে পরেনি। বেশ আরামেই এ মহাসড়ক দিয়ে বাড়ি যেতে পারছি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, ঈদে যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারেন সেজন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। বিগত বছরের তুলনায় এবার মহাসড়কে অনেক বেশি পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বিশেষ করে মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুল্যান্স টিমও রয়েছে। মহাসড়কে কোনো যানবাহন বিকল হয়ে গেলে কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত মহাসড়ক থেকে যানবাহন সরানোর জন্য মহাসড়কের শিমরাইল মোড় এবং মদনপুর অংশে দুটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। কেবল যানজট নিরসনই নয়, মহাসড়কে ঘরমুখো মানুষের নিরপত্তার দিকেও নজর রাখছে পুলিশ।
কেএনএফের সহযোগী লাল লিয়ান বম গ্রেপ্তার
ঈদের আগে লাগামহীন মাংসের বাজার