ফুটবলের মহাতারকা লিওনেল মেসির তিন সন্তানের হৃদয়েও রয়েছে ফুটবলের ক্ষুধা। মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোওকে দেখা যায় ফুটবল নিয়ে কারিকুরি করতে। বাবার সুবাদে তিন ছেলেও যোগ দিয়েছেন ইন্টার মায়ামির একাডেমিতে। তবে এক ম্যাচে ৫ গোল করে সংবাদের শিরোনাম হয়েছেন মাতেও মেসি।
সম্প্রতি ইন্টার মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে প্রতিপক্ষের জালে একে একে পাঁচবার বল জমা করেছেন মেসির ছেলে মাতেও। এর মধ্যে একটি ছিল ফ্রি-কিক। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি–কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ। গোল করে বাবার আইকনিক সেলিব্রেশন (দর্শকদের উদ্দেশ্য করে চুমু খাওয়া) করছেন তিনি।
বাবার সঙ্গে পার্থক্যের জায়গা- মেসি জাদু দেখান বাঁ পায়ে আর মাতেও ডান পায়ে। চলতি মাসের শুরুর দিকে ইস্টার আন্তর্জাতিক কাপের ফাইনালে মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে শিরোপা জিতিয়েছিলেন মেসির বড় ছেলে থিয়াগো।
