গোপালগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আলিম বিশ্বাস (৬২) নামে এক বৃদ্ধ নিহত হন। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, বৃদ্ধ আলিম বিশ্বাস কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র রায়হান মোল্লা (১৮) নিহত হয়েছেন। সে শহরের বেদগ্রাম এলাকার বিল্লাল মোল্লার ছেলে এবং সরকারী বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রায়হান শহরের দিকে আসছিল। পথে বিপরিত দিক থেকে আসা একটি ব্যটারিচালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হানের মৃত্যু হয়।
