ধারের টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মসজিদের মুয়াজ্জিনসহ দুজন গুরুতর আহত হয়েছেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্ধারমানিক গ্রামে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আন্ধারমানিক গ্রামের আলমগীর খান (২৮) ও জাহাঙ্গীর খান (২৫)।
জানা যায়, মসজিদের মুয়াজ্জিন জাহাঙ্গীর খানের কাছ থেকে একই গ্রামের মহিবুল্লাহ সরদার দেড় বছর আগে তিন হাজার টাকা ধার নেন। ধারের সেই টাকা ফেরত দেননি তিনি। সোমবার রাতে জাহাঙ্গীর মুঠোফোনে টাকা চাইলে মহিবুল্লাহ তাদের বাড়ির সামনে আসতে বলেন। জাহাঙ্গীর তার বড় ভাই আলমগীরকে সঙ্গে নিয়ে সেখানে গেলে মহিবুল্লাহ, আলামিন, মাইনুলসহ ৭-৮ জন তাদের পিটিয়ে আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে অভিযুক্ত মহিবুল্লাহ সরদারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আহতদের বড় ভাই বাবুল খান মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করলে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিবচরে বজ্রপাতে দুজনের মৃত্যু
হালিমের নামে আমরা আসলে কী খাই