আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, আইএমএফের ঋণের দশটি শর্তের ৯টি পূরণ করতে পেরেছে বাংলাদেশ। তাই ঋণের পরবর্তী কিস্তি পেতে কোনো অসুবিধা হবে না। ঋণের শর্তের বিস্তারিত পর্যবেক্ষণ করতে আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে আইএমএফের প্রতিনিধিদল।
গতকাল বিশ্বব্যাংক আইএমএফের প্রধান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং মিটিং ২০২৪ এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গভর্নর বলেন, মরিশাসের সঙ্গে অফশোর ব্যাংকিং চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকের সঙ্গে মরিশাসের ব্যাংকের লেনদেন সহজ হবে।
তিনি বলেন, মরিশাসের গভর্নরের সঙ্গে এ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর ফলে মরিশাসে অবস্থানরত ৪০ হাজার বাংলাদেশি খুব সহজেই বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এখন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারেন না।
এ সময় বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে। মানুষের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে তারা খুশি নয়। আগামী অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমবে আইএমএফের এমন পূর্বাভাসে চিন্তার কিছু নেই।
