গ্রামপুলিশকে পেটালেন চেয়ারম্যান

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পিএম

সরকারি বরাদ্দের দশ কেজি চালের টোকেন চাওয়ায় গ্রামপুলিশ মো. সোহেল উদ্দিনকে লাঠি দিয়ে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠে লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদারের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন নির্যাতিত মো. সোহেল উদ্দিন। গ্রামপুলিশের (চৌকিদার) ওপর নির্যাতন ও মারধরের বিষয় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোহেল উদ্দিন চর রমিজ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

অভিযোগে তিনি বলেন, গত ৯ এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদে সরকারি দশ কেজি চাল বিতরণ করা হয়। টানা তিন দিন চাল বিতরণের দায়িত্ব পালন করি। ঈদের চালের বরাদ্দ হওয়ায় চেয়ারম্যানকে দুটি টোকেন দিতে আবদার করি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর চেয়ারম্যান একটি টোকেন দিলে তাকে তা ফেরত দেই। তিনি কিছুক্ষণ পর হঠাৎ ডেকে নিয়ে লাঠি দিয়ে বেদড় মারধর শুরু করেন। ছোট চাকরি করার কারণে কিছু বলতে পারি না। তিনি প্রতিটি গ্রামপুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন।

চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার দেশ রূপান্তরকে জানান, গ্রামপুলিশ সোহেল উদ্দিন একাধিক চালের টোকেন চাওয়ায় গালমন্দ করেছি। মারধর বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। তার ব্যাপারে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমজাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, গ্রামপুলিশকে চর রমিজ ইউপি চেয়ারম্যান লাঠি দিয়ে নির্যাতন করেন বলে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত