না.গঞ্জে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ পুলিশের গুলি

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:১৩ এএম

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ করেছেন একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিরা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড গরমে চরম ভোগান্তিতে পড়ে পথচারীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মার্চ মাসের বেতন-ভাতার দাবিতে ক্রোনী গ্রুপের অবন্তি কালার টেক্স লিমিটেডের সামনে অবরোধ করেন শ্রমিকরা। খবর পেয়ে ফতুল্লা থানা-পুলিশ ও শিল্প-পুলিশের একাধিক টিম শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। শিল্প-পুলিশ জলকামান দিয়ে পানি ছোড়ে ও লাঠিপেটা করলে তারা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও শটগানের গুলি ছোড়ে।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে মালিকপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।

শিল্প-পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আজিজুল হক বলেন, ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।

ক্রোনী গ্রুপের চেয়ারম্যান আসলাম সানী বলেন, ‘ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি। কিন্তু সময়মতো শিপমেন্ট না হওয়ায় বেতন দিতে পারিনি। আমরা আগামী বুধবারের মধ্যে সবার বেতন পরিশোধ করে দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত