বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ২০২৩-এর সেরা সংগঠক হিসেবে (কাবাডি) অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। গতকাল রবিবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে তার হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় খেলা কাবাডির প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আহসান রাসেল এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
পুরস্কার পাওয়ার পর তার অনুভূতি প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি কাবাডিকে শুধু দেশের ভেতরেই নয়, সারা বিশ্বে তুলে ধরতে চাই। এ পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় বিএসপিএকে আন্তরিক ধন্যবাদ।
