বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।
আজ সোমবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক আতিককে এই নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকে বক্ষব্যাধিতে এমডি ডিগ্রি অর্জন করে পেশাগত জীবনে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি চিকিৎসকদের অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকেন।
অধ্যাপক আতিক ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। তিনি পালমোনারি হাইপারটেনশন সোসাইটি ও পালমোনারি রিহ্যাবিলিটেশন সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও ডিনের দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন ।
এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় অর্থ কমিটির সভাপতি এবং সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক।
অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের জন্ম ১৯৬৯ সালের ১৫ মে সিলেটে। তাঁর বাবা মোহাম্মদ আজিজুর রহমান, মা হাসিনা রহমান। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিসক সহধর্মিণী কাজী রাহিলা ফেরদৌসি ও দুই কন্যা আদিবা আজিজ রহমান, আরিবা আজিজ রহমান।
