নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে দায়িত্ব পালনকালে নিজের শটগানের গুলিতে আফজাল হোসেন (২২) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে ইউএনওর বাসভবনের গার্ডরুমে তিনি গুলিতে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান দেশ রূপান্তরকে জানান, বিকেল ৪টার পর অফিসে বসা অবস্থায় বিকট শব্দ পেয়ে তারা ভবনের দিকে ছুটে যান। সেখানে গিয়ে গার্ডরুমে আনসার সদস্য আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, কর্তব্য পালনকালে আফজাল নিজ শটগানে গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
