জাতীয় সংসদ নির্বাচনের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই এসেছে উপজেলা নির্বাচন। প্রথম ধাপে আগামী ৮ মে চট্টগ্রামের তিন উপজেলায় এ নির্বাচন হতে যাচ্ছে। প্রতিটি উপজেলায় আওয়ামী ঘরানার লোকজন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন স্থানীয় এমপি সমর্থিতরাই।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রথম ধাপে চট্টগ্রামের মিরসরাই, সীতাকু- ও সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। প্রতিটি উপজেলাতেই চেয়ারম্যান পদে রয়েছে একাধিক প্রার্থী। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরই মূলত নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রকাশ্যে সমর্থন না জানালেও প্রতিটি উপজেলাতেই স্থানীয় সংসদ সদস্যের (এমপি) সমর্থিত প্রার্থী রয়েছেন।
নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রতিটি এলাকায় চলছে প্রার্থীদের জোর প্রচার। ভোটের দিনক্ষণ হিসাবে রেখেই প্রত্যেক এলাকার ভোটারদের কাছে পৌঁছার চেষ্টা করছেন ভোটাররা। তবে, এই নির্বাচন ঘিরে প্রতিটি উপজেলায় বিভক্ত হয়ে পড়ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় এমপিরা প্রকাশ্যে না হলেও কোনো না কোনো প্রার্থীকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তেমনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের পছন্দের প্রার্থী রেখেছেন।
মিরসরাই : মিরসরাই উপজেলার বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন এনায়েত হোসেন নয়ন (কাপ-পিরিচ), শেখ মো. আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), উত্তম কুমার শর্মা (দোয়াত-কলম) ও মো. মোস্তফা (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাইফুল ইসলাম (চশমা), সালাউদ্দিন আহমদ (টিউবওয়েল), শেখ সেলিম (টিয়াপাখি) ও সাইফুল আলম (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিবি কুলসুমা চম্পা, ইসমত আরা ফেন্সি ও উম্মে কুলসুম।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, ওই এলাকার এমপি মাহবুবুর রহমান রুহেল প্রকাশ্যে কাউকে সমর্থন দিচ্ছেন না। তবে কেউ কেউ বলছেন, এনায়েত হোসেন নয়নের প্রতি তার সমর্থন থাকতে পারে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। তার সঙ্গে শেখ আতাউর রহমান ও ফেরদৌস হোসেন আরিফের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
সীতাকু- : বিগত সংসদ নির্বাচনে সীতাকু- উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি নির্বাচিত হন এস এম আল মামুন। এবার সেখানে চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মহিউদ্দিন আহমদ রঞ্জু (দোয়াত-কলম) ও আরিফুল আলম চৌধুরী (আনারস)। দুজনেরই ভালো অবস্থান রয়েছে এলাকায়। তাদের মধ্যে আরিফুল আলম চৌধুরীর প্রতি নীরব সমর্থন রয়েছে স্থানীয় এমপির। এমপির কর্মী-সমর্থকরা তার পক্ষে মাঠে রয়েছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে রয়েছেন গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ) ও জালাল আহমেদ (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন শামীমা আকতার (হাঁস), শাহীনুর আকতার (পদ্মফুল) ও হামিদা আকতার (ফুটবল)।
সন্দ্বীপ : সন্দ্বীপ উপজেলায় এবারও চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মিশন (কাপ-পিরিচ)। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আরও চার প্রার্থী। তারা হলেন এসএম আনোয়ার হোসেন (আনারস), ফোরকান উদ্দিন (দোয়াত-কলম), শেখ মো. জুয়েল (হেলিকপ্টার) ও অ্যাডভোকেট নাজিম উদ্দিন (মোটরসাইকেল)। তাদের মধ্যে স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার সমর্থন পাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন। মূলত তার সঙ্গে বর্তমান চেয়ারম্যানের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন এলাকার লোকজন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সেখানে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন হালিমা বেগম শান্তা (ফুটবল) ও নাহিদা তানমী (কলস)।
জানতে চাইলে সন্দ্বীপ আসনের এমপি মাহফুজুর রহমান মিতা দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনে আমাদের কারও পক্ষে না যাওয়ার বিষয়ে দলীয় নির্দেশনা রয়েছে। সে নির্দেশনার বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু ভোট হোক। জনগণ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করুক।’
