রাজধানীর মুগদা মদিনাবাগ এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মাহিন আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মাহিন মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
অপরদিকে, রাজধানীর গেন্ডারিয়া ঘুন্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৬০) এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে মদিনাবাগ বাজার এলাকায় ময়লার গাড়ি ধাক্কায় প্রথমে আহত হয় মাহিন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যু হয় তার।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসুম মিয়ার ছেলে মাহিন। পরিবারের সাথে মুগদা মামা ভাগিনা গলি এলাকায় একটি বাসায় থাকত সে। তিন ভাইবোনের মধ্যে মাহিন মেজ।
তার বড় ভাই মাহফুজ আহমেদ জানান, রাতে মাহিন বাসা থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাচ্ছিল। এসময় মদিনাবাগ বাজার এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যায় সে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে। মৃতদেহ আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের কথা রয়েছে।
এদিকে, গেন্ডারিয়া ঘুন্টিঘর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে।
অজ্ঞাতনামা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, সাড়ে ৩টার দিকে তারা দেখতে পান, গেন্ডারিয়া ঘুন্টিঘর এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই নারী। তাকে ঘিরে অনেক মানুষ জটলা করে আছে। তখন তিনি গাড়িতে করে নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পরপরই চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশপাশের কেউই জানাতে পারেনি কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটছে। তার পরিচয়ও কেউ বলতে পারেনি। তবে তার পোশাক-আশাক দেখে তাকে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা হচ্ছে।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গেন্ডারিয়া থানা পুলিশ তদন্ত করছে।
