খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে কিছুটা মিল আছে জামাল মুসিয়ালার। জার্মানির এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারকে অনেকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন। তবে বায়ার্ন মিউনিখে খেলা মুসিয়ালা নিজেই বলছেন মেসির সঙ্গে তার তুলনা করাটা বৃথা।
মেসিকে দেখেই অনুপ্রাণিত হয়ে ফুটবলে আসা মুসিয়ালার। জার্মান এই ফুটবলার সর্বকালের সেরাও মানেন মেসিকে।
মেসি না রোনালদো কে সেরা এমন প্রশ্নের উত্তরে মুসিয়ালা বায়ার্ন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'দুজনই ভালো ফুটবলার, তবে আমার চোখে সবসময়ই মেসি সর্বকালের সেরা ফুটবলার।'
জার্মান দলে মুসিয়ালা নিয়মিত খেলছেন। পরেন ১০ নম্বর জার্সি। মেসিও আর্জেন্টিনায় ১০ নম্বর জার্সি পরেন। এ নিয়ে মুসিয়ালা বলেন, 'ছোট থেকেই ১০ নম্বর জার্সি পরাটা ছিল স্বপ্নের মতো। তখনই দেখেছি মেসির মতো বড় ফুটবলাররা এই নম্বরটাই পরে। তবে আমি মাঠে এগুলো মাথায় আসতে দেই না। এগুলো বাড়তি চাপ তৈরি করে।'
অনেকে মুসিয়ালাকে পরবর্তী মেসি বলেন, কারও মতে তিনি জার্মানির মেসি। এ নিয়ে তরুণ ফুটবলার বলেন, 'আমার মনে হয় না মেসির সঙ্গে আমার কোন তুলনা করা উচিত। এটি অসম্ভব বিষয়। আমি মনে করি আমার নিজেকে বা অন্য কোন খেলোয়াড়কেও মেসির সঙ্গে তুলনা করাটা বৃথা। আমি কঠোর পরিশ্রম করে যেতে চাই এবং আরও উন্নতি করতে চাই আর দলকে শিরোপা জেতাত চাই।'
