পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৫ এএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২০) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী বিজিবি ক্যাম্পের সীমান্ত ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যের গুলিতে আবুল কালাম নিহত হন। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার অপির উদ্দিনের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আবুল কালাম বাড়ি থেকে বের হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখালসহ সীমান্তে ভারতীয় গরু আনতে যায়। এ সময় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের

লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কালাম গুরুতর আহত হলে সংগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন জানান, সকাল ৯টা ২৫ থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ান-২ এবং ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্টের মধ্যে ঝালংগী বিওপির সীমান্ত পিলার ৮৪৮/৯ এস সংলগ্ন পকেট পাড়া নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ তদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত