অগ্রণী ব্যাংকের শাখায় ১০ কোটি টাকা গরমিল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৭ এএম

পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায় ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকার গরমিলের অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদের সাঁথিয়া থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার কর্মকর্তারা হলেন, অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, প্রিন্সিপাল অফিসার আবু জাফর এবং ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ব্যাংকের তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার পর তাদের আদালতে পাঠায় পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আটক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। একটি জিডি করা হয়েছে। জিডি মূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আর্থিক সংশ্লিষ্ট অনিয়ম হওয়ায় এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পুলিশ ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সূত্রে অনিয়মের খবর পেয়ে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক ওই শাখায় নিরীক্ষা করতে যান।

নিরীক্ষায় ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম দেখতে পান তারা। পরে ওই নিরীক্ষা দল সাঁথিয়া থানায় বিষয়টি জানালে পুলিশ অভিযুক্ত ওই তিন কর্মকর্তাকে রাতে থানায় নেয়।

এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত